গাজীপুরের শ্রীপুরে একটি আবাসিক বাড়ির অগভীর নলকূপ থেকে (সাবমারসিবল) গরম পানি বের হচ্ছে। ফলে খাবার পানির চাহিদা পূরণে ব্যাঘাত ঘটছে পরিবারসহ ভাড়াটিয়াদের। অগভীর নলকূপে তোলা পানি অন্য পাত্রে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে হচ্ছে। এ নিয়ে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।
পৌরসভার গিলারচালা গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিনের বাড়িতে এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকার মানুষ গরম পানি দেখতে ভিড় করছেন ওই বাড়িতে।
গরম পানি বের হওয়ায় বিপাকে পড়েছেন বাড়ির মালিক ও শতাধিক ভাড়াটিয়া।
ভাড়াটিয়ারা জানান, কলের পাইপ দিয়ে ওঠা গরম পানি ব্যবহার উপযোগী করতে দীর্ঘক্ষণ জমিয়ে রাখা হয় কোনো পাত্রে। ঠান্ডা হলে ব্যবহার করা হয়।
ভুক্তভোগী বাড়ির মালিক শাহাব উদ্দিন বলেন, দুই বছর ধরে এই নলকূপে গরম পানি আসা শুরু করে। কখনও কখনও সে পানি ফুটন্ত গরম মনে হয়। তিনি বলেন দ্রুত এ সমস্যার সমাধান না হলে সকল ভাড়াটিয়া অন্যত্র চলে যাবে।
স্থানীয় পৌর কাউন্সিলর রমিজ উদ্দীন জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে সাহাবুদ্দিনের বাড়িতে এসে গরম পানির বিষয়টি দেখতে পেলাম। এটা চিন্তার বিষয় এবং এ নিয়ে গবেষণা প্রয়োজন।
রসায়নবিদ সাঈদ চৌধুরী জানান , ভূগর্ভস্থ পানি গরম হওয়া খুবই অস্বাভাবিক। এই পানি পান করায় স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। ডাইং কারখানার রিজার্ভে উত্তপ্ত পানি সংরক্ষণ করা হয়। পাইপ লিকেজ হয়ে কিংবা অন্য কোনো উপায়ে ডাইং এর গরম পানি নলকূপে আসলে তা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকা উচিত। এ সমস্যা নিয়ে দ্রুত গবেষণামূলক কাজ করা জরুরি।
শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়সাল খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
