সাবসিডিয়ারি থেকে আয় বেড়েছে ব্র্যাক ব্যাংকের

আপডেট : ০৯ মে ২০২৩, ১২:০২ এএম

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর আয়ে ভর করে নিট মুনাফায় প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেডের। চলতি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪৩ কোটি টাকা, যেখানে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা রেখেছে। ব্যাংকটির চলতি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

পর্যালোচনায় দেখা গেছে, শুধু সাবসিডিয়ারির আয় নয়, চলতি প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সুদ আয়ও বেড়েছে।

এ সময় ঋণের বিপরীতে সুদ আয় হয়েছে ৯২৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেশি। এ সময় আমানত ও ধারের বিপরীতে সুদ ব্যয় হয়েছে ৪৩৭ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি। আমানত ও ধারে সুদ ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও এ সময় নিট সুদ আয় বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। চলতি প্রথম প্রান্তিকে ব্যাংকটির নিট সুদ আয় দাঁড়িয়েছে ৪৯০ কোটি ৭১ লাখ টাকায়।

তবে নিট সুদ আয়ের চেয়ে ব্যাংকটির বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয়ে প্রবৃদ্ধি বেশি। চলতি প্রথম প্রান্তিকে বিনিয়োগ থেকে আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫৪ শতাংশ। এ সময় বিনিয়োগ থেকে আয় হয়েছে ২৬১ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬৯ কোটি ৮০ লাখ টাকা। চলতি প্রথম প্রান্তিকে বিনিয়োগ থেকে সাবসিডিয়ারিগুলোর আয় হয়েছে ১১১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭৬ শতাংশ বেশি।

চলতি প্রথম প্রান্তিকে কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ থেকেও ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ২৮ শতাংশের বেশি। এ সময় এ খাত থেকে আয় হয়েছে ২৮১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১৯ কোটি টাকা। চলতি প্রথম প্রান্তিকে সাবসিডিয়ারিগুলোর কমিশন ও ব্রোকারেজ আয় হয়েছে ১৫৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

চলতি প্রথম প্রান্তিকে ব্র্র্যাক ব্যাংকের পরিচালন আয় হয়েছে ১ হাজার ৩৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৪৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে পরিচালন আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশের বেশি। তবে পরিচালন আয়ের পাশাপাশি বেতন-ভাতা, অবচয় ও অন্যান্য খরচ বেড়েছে। এ সময় পরিচালন ব্যয় হয়েছে ৭১২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১৭ কোটি টাকা।

ব্যয় সমন্বয়ের পর চলতি প্রথম প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৮ শতাংশ বেশি। এ সময় ঋণ, অগ্রিমসহ অন্যান্য খাতে সঞ্চিতি বাবদ ৭২ কোটি টাকা রাখতে হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ কোটি টাকা।

কর পরিশোধের পর চলতি প্রথম প্রান্তিকে সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৬৬ কোটি ৬৩ লাখ টাকা, যেখানে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সাবসিডিয়ারির অন্যান্য হিস্যাধারীর (নন কন্ট্রোলিং ইন্টারেস্ট) নিট মুনাফার পরিমাণ ২২ কোটি ৯১ লাখ টাকা। এর ফলে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৭২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৩ কোটি ৬০ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত