গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ১০

আপডেট : ০৯ মে ২০২৩, ০৮:৩০ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতের আঁধারে হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে মঙ্গলবার (৯ মে) রাতে বিমান হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আল জাজিরার ইউমনা আল সাইয়েদ গাজা থেকে জানিয়েছেন, রাতের আঁধারে হওয়া ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েলি এই বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক লোক আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

আল সাইয়েদ জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনকে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি বলেন, বিমান হামলায় নিহত ব্যক্তিদের নাম কী বা কতজন আহত হয়েছেন এটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আমাদের নিশ্চিত করা হয়েছে যে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন মঙ্গলবার ঘোষণা করেছে যে তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। নিহতরা হলেন- জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত