ময়মনসিংহে নান্দাইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে নুসরাত (৩) নামে এক শিশু মারা গেছে। উপজেলার চ-ীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের নুরুল আমীন আকন্দের বাড়িতে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত নূরুল আমিনের নাতনি। সে ঈশ্বরগঞ্জ উপজেলার কালন্দর গ্রামের বাদল মিয়া ও শামসুন্নাহার দম্পতির কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার তিন দিন আগে তার বাবা নূরুল আমিনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল সকালে নুসরাত লিচু খাচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল বারী তালুকদার খসরু বলেন, এটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক অনাকাক্সিক্ষত ঘটনা।
