বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার এলাকা জুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিভিন্ন সময় মাদকের সাথে পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়। তবে অনেক সময় মাদক ফেলে তারা বন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
এর আগে তিনি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বিএসএফের একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন এর অধীন মাগুড়মারী বিওপি পরিদর্শন করেন।
