দুই দিনেও খালাস হয়নি ‘শিল্পের কাঁচামাল’ পেঁয়াজ ও মাংস

আপডেট : ১০ মে ২০২৩, ১১:৩৯ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো শিল্পের কাঁচামাল হিসেবে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও মহিষের মাংস দ্বিতীয় দিনেও বন্দর থেকে খালাস নিতে পারেননি সংশ্লিষ্ট আমদানিকারকরা। এতে করে গত মঙ্গলবার থেকে বন্দরের ভেতরেই ভারতীয় ট্রাকে আটকা পড়ে রয়েছে পেঁয়াজ ও মহিষের মাংস। দ্রুত ছাড় না হলে আমদানিকৃত এসব পণ্যের মান নষ্ট হয়ে লোকসানের আশঙ্কা তাদের।

জানা গেছে, কোয়ারেন্টাইন জটিলতা না কাটায় এখনো আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হয়নি।

মঙ্গলবার বিকেল ও সন্ধ্যার দিকে দুই দফায় দুটি ট্রাকে করে এক ট্রাকে পেঁয়াজ ও এক ট্রাকে মহিষের মাংস আমদানি করা হয়। পেঁয়াজ ও মহিষের মাংস ঢাকার তেজগাঁও শিল্প এলাকার মিডলাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করেছে। ভারতের কলকাতার বেলঘরিয়ার মিডলাইফ প্যাকেজিং অ্যান্ড কোম্পানি নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান এই পেঁয়াজ ও মহিষের মাংস রপ্তানি করেছে। প্রথমবারের মতো শিল্পের কাঁচামাল হিসেবে এক ট্রাকে ২৫ টন পেঁয়াজ ও এক ট্রাকে ১ টন মহিষের মাংস আমদানি করা হয়েছে।

আমাদনিকৃত পেঁয়াজ ও মহিষের মাংস বন্দর থেকে ছাড়করণে নিয়োজিত সিআ্যন্ডএফ এজেন্ট যমুনা টেডিং করপোরেশনের অনিক সরকার বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করে। সেই খাদ্যপণ্যগুলো আবার প্যাকেজিং করে বিদেশে রপ্তানি করা হয়। মূলত এসব পণ্য তৈরির কাঁচামাল হিসেবেই বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছে। এই পেঁয়াজ খোলাবাজারে বিক্রির জন্য আমদানি করা হয়নি। এটা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দিয়ে আমদানির অনুমতি রয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, স্বাভাবিকভাবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আইপির প্রয়োজন হয় এরপর পণ্য পরীক্ষা করে আমরা সার্টিফিকেট ইস্যু করলে বন্দর থেকে সেটি খালাস হয়। তবে এই পেঁয়াজ আমদানির ক্ষেত্রে তাদের কোনো আইপি আছে কি না সেটি পাইনি। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন সার্টিফিকেটের জন্য আমাদের কাছে কেউ কোনো আবেদন করেনি।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, আমদানিকারক এসব পণ্য বিডার অনুমতি সাপেক্ষে ইন্ডাস্ট্রিয়াল হিসেবে আমদানি করেছেন। তাদের ক্ষেত্রে পূর্বানুমতি বা আইপি নেওয়ার প্রয়োজন হবে না। যেহেতু কোয়ারেন্টাইন নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে যার কারণে আমরা তাদের সেটি নিশ্চিতের কথা বলেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত