ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে আঘাত হানতে যাচ্ছে। কুয়াকাটার সমুদ্র সৈকতের নিকটবর্তী দোকানগুলো তাদের মালামাল সরিয়ে নিচ্ছে। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল।
পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রশাসনের সহযোগিতায় মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরপদে স্থানে যাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, কুয়াকাটা পুলিশ বক্স সংলগ্ন চায়ের দোকান ও খাবারের দোকানগুলো তাদের মালামাল ভ্যান গাড়িতে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
মেসার্স আলতাফ স্টোরস-এর মালিক, আলতাফ মিয়া বলেন, গত বছর ঘূর্ণিঝড়ে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে এবছর এখন পর্যন্ত মুখার আঘাত শুরু হয়নি তবে মেঘাচ্ছন্ন আকাশ দেখে বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি ও পানির চাপ বেড়ে যাবে এই জন্য গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
কুয়াকাটা সী বিচ সংলগ্ন হাওলাদার স্টোরস এর মালিক আলমাস হাওলাদার বলেন, এমনি বেচাকেনা খুব কম তার মধ্যে ঘূর্ণিঝড় মোখা যদি পানি উঠে তাহলে আমার অনেক ক্ষয়ক্ষতি হবে এ জন্য আগে থাকতেই দোকানের মালামাল নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, মোখার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা গত তিন দিন ধরেই মাইকিং করে যাচ্ছি জনসাধারণের সচেতনতার জন্য। মোখার ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে এ সব খুচরা দোকানদার অনেক ক্ষতির সম্মুখীন হবেন। আমরা তাদের মাইকিং করে নিরাপদ জায়গায় মালামাল সরিয়ে নেওয়ার জন্য জানিয়েছি।
