নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার কবরসহ আশপাশের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (১৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশনন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জমির আলী গাজীপুরা এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আলাউদ্দিনের কবরসংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা বাঁশ দিয়ে চারিদিকে বেড়া দেন। এ নিয়ে গাজী পরিবার ও জমির আলী পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাজী রনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ জমির আলীকে আটক করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার শর্তে জমির আলীকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার বিকেলে এ নিয়ে গাজীপুরা এলাকায় বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের লোকজন ও জমির কাগজপত্র নিয়ে সালিশ বসেন। মীমাংসা না হওয়ায় সালিশ থেকে বের হয়ে জমির আলী ও তার সহযোগীরা ফের মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন কবরের জায়গা দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ ২০ জন আহত হয়েছেন।
মুক্তিযোদ্ধা গাজী আলাউদ্দিনের ভাই গাজী মাসুদ জানান, জায়গাটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরা দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছি। তারা কবরসহ আমাদের জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বাধাঁ দিলে জমির মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা চালায়।
তবে জামির মেম্বার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
