রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২৩, ০২:৪৩ পিএম

রাজবাড়ী জেলা কারাগারে আব্দুল লতিফ (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) সকাল সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়।

নিহত আব্দুল লতিফ রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের আনছার আলীর ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, ঋণ সংক্রান্ত একটি মামলায় গত ২২ মার্চ থেকে রাজবাড়ী কারাগারে ছিলেন আব্দুল লতিফ। তার হৃদরোগসহ নানা সমস্যা ছিল। রোববার ভোর থেকে পাতলা পায়খানা শুরু হলে কারাগারের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, বুকে ব্যথা ও পাতলা পায়খানাজনিত কারণে আব্দুল লতিফের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত