নড়াইলে কৃষক সোবহান ফারাজী (৩২) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় দেন।
দন্ডিত আসামিরা হলেন কালিয়ার সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল হোসেন, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুজন পলাতক আছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সকালে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী স্থানীয় দোকানে ডিজেল কিনতে যান। এ সময় আসামিরা স্লুইসগেটের পাশে সোবহান ফরাজীকে কুপিয়ে হত্যা করে। গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী ২৬ জনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
