এনএবি ও আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করবে ইমরানের দল

আপডেট : ১৫ মে ২০২৩, ০৫:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার ও তার মুক্তি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখনও উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে কার্যত লড়াই করছে। এরই মধ্যে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এবং আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সোমবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দলীয় চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স । এ ঘটনাকে তখন ‘অপহরণের’বলে আখ্যা দেয় পিটিআই। এবার ‘অপহরণের’ এই অভিযোগে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এবং রেঞ্জার্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী এই দলটি।

একইসঙ্গে পাকিস্তানজুড়ে ‘শান্তিপূর্ণ বিক্ষোভে নিরস্ত্র নাগরিকদের হত্যার বিরুদ্ধেও মামলা করার কথা জানিয়েছে তারা। রোববার পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কের বাসভবনে ইমরান খানের সভাপতিত্বে দলের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিটিআই বলছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানদের এই মামলাগুলোতে আসামি করা হবে।’

সেই সঙ্গে নিরস্ত্র নাগরিকদের হত্যার পাশাপাশি দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিক্ষোভকারীদের উসকানি দেওয়ার চেষ্টার তদন্তের দাবিও জানিয়েছে দলটি। আর এ তদন্তে সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সুপারিশও করেছে পিটিআই।

পিটিআই সূত্র দাবি করেছে, পাকিস্তানজুড়ে পিটিআই সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের সময় কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও প্রায় ৭০০ জন আহত হয়েছে। তারা আরও জানান, সাড়ে তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

দলটি বলছে, ‘পিটিআই প্রধান ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও আইন ও ন্যায়বিচারের পথ থেকে কখনও বিচ্যুত হননি।’ এ সময় গত ৯ মে সহিংস ঘটনার জন্য দলের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণাকে প্রত্যাখ্যান করে তারা ।

এক বিবৃতিতে পিটিআই রাজধানী ইসলামাবাদ এবং বিশেষ করে শহরের রেড জোনকে ক্ষমতাসীন জোটের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনীর কাছে হস্তান্তরেরও নিন্দা জানিয়েছে । সেই সঙ্গে পাঞ্জাবে রোববার সুপ্রিম কোর্ট-ঘোষিত সাধারণ নির্বাচন আয়োজন না করার সরকারের সিদ্ধান্তকে ‘সংবিধানের হত্যা’ শামিল বলে অভিহিত করেছে দলটি ।

এদিকে পাকিস্তানে ক্ষমতাসীন জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান সোমবার থেকে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত