জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন বন্ধের প্রতিবাদে ও আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। কেন্দুয়া ইউনিয়নবাসীর আয়োজনে দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়।
এ সময় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক ট্রেন থেকে নেমে বিক্ষোভকারীদের পুনরায় স্টেশন চালুর ব্যাপারে সহায়তা দিলেও এতে আস্থা না পেয়ে তারা আন্দোলনে অনড় থাকেন। এ খবর পেয়ে জামালপুর-৫ আসনের সাংসদ মোজাফফর হোসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে রেলওয়ের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যের কাছে আন্দোলনকারীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। পরে তিনি কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে এসে আন্দোলনকারীদের স্টেশন চালু, আন্তঃনগর ট্রেনের বিরতিসহ আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনটি ১২৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়। গত সপ্তায় স্টেশনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
