সোমবার তিন-মিনিটের ভয়াবহ কালবৈশাখী তাণ্ডব দেখলো কলকাতা ও পশ্চিমবঙ্গ। এতে রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝখানের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়েছে। বড় একটি গাছ ভেঙে পড়েছে গাড়ির ওপর।
সোমবার ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
কলকাতা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার বিকেল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে একটি কালবৈশাখী ঝড় বয়ে যায়। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। ১ মিনিট ছিল সেই ঝড়।
জানা গেছে, লেক গার্ডেন্সের বিভিন্ন জায়গায় অনেকগুলো গাছ ভেঙে পড়ে। এতে করে দেখা দেয় দীর্ঘ যানজট। এ ছাড়া সার্দার্ন এভিনিউ যাওয়ার রাস্তাও আটকে যায়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি ও। এতে চরম দুর্ভোগ পড়েন বাসিন্দারা।
অন্যদিকে কালবৈশাখীর জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটে। ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। শ্যামনগর ও কাঁকিনাড়ার মাঝে ওভারহেডে তারে গাছের ডাল পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শ্যামনগর, নৈহাটি লাইনেও ঝড়ের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
এছাড়া হাওড়া ডিভিশনে চন্দননগর, কোন্ননগর এলাকায় রেললাইনে গাছের ডাল ভেঙে পড়ায় হাওড়া-ব্যান্ডেল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
