সিটি নির্বাচন

দুই ভাইয়ের নির্বাচনী খেলা

আপডেট : ১৭ মে ২০২৩, ০২:১৯ পিএম

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের দুই ভাইয়ের রাজনীতি খেলা শুরু হয়েছে নির্বাচনী মাঠে। ইতিমধ্যে মনোনয়ন দাখিল পর্ব শেষ।

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মো. ফয়জুল করিম ও তার ছোট ভাই স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে বরিশালের বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনা।

মনোয়নপত্র জমাদানকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের বলেন, আমি আসলে প্রক্সি প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। যদি হাতপাখা প্রার্থীর উপরে কোনো রকমের দুর্ঘটনা ঘটে, তা আইনগতভাবে বা অন্য কোনো ভাবেই হোক না কেন সেজন্য আমরা সতর্ক আছি। মাঠে যেন ফাঁকা না যায়। তাই আমি প্রক্সি হিসেবে আছি।

তিনি বলেন, প্রার্থী যাচাই-বাছাই হওয়ার পরে দলের মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নেব। তিনি নির্বাচনী মাঠে কোন প্রচার-প্রচারণা চালাবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ব্যক্তিগতভাবে নির্বাচনী মাঠে আমার কোনো প্রচার প্রচারণা থাকবে না। আমি হাতপাখার হয়ে মাঠে কাজ করব।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো. ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে হাত পাখা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে নির্দেশ করেছেন।

তবে তার ভাই কেনো মনোনয়ন দাখিল করেছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হাতপাখার মনোনীত প্রার্থীকে যদি কোনো পলিটিক্সে ব্যান করে দেয় তাহলে নির্বাচনী মাঠ যেন খালি না যায়। আমার ভাই যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। এই পলিসি থেকেই সে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

এদিকে মঙ্গলবার (১৬ মে) আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০ জন মেয়রপ্রার্থীসহ সংরক্ষিত আসন ও কাউন্সিলর সাধারণ পদে ১৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ১০ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিমের ভাই সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, সাংবাদিক মো. আসাদুজ্জামান, মো. আলী হোসেন হাওলাদার, মো. লুৎফুল কবির ও মো. নেছার উদ্দীনসহ মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪৬ জন এবং সংরক্ষিত আসনে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। আর ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত