বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে প্রথমবারের মতো কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ‘কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা : সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শিরোনামের ঐতিহাসিক রেজল্যুশনটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভিত্তিক মডেল
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। গত মঙ্গলবার জাতিসংঘে এ রেজল্যুশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে গতকাল এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, এটা বাংলাদেশের সবার জন্য গর্বের।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, একটা আনন্দের সংবাদ দিতে চাই। সবাই আনন্দিত হবেন যে জাতিসংঘ কর্র্তৃক স্বাস্থ্যবিষয়ক একটি রেজল্যুশন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী মডেল বা উদ্ভাবনী উদ্যোগ কমিউনিটি ক্লিনিক ধারণার একটা চূড়ান্ত স্বীকৃতি প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি, সেটা নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল এ রেজল্যুশনের মাধ্যমে।
কমিউনিটি ক্লিনিককে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ মডেলের একটা অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বড় উদাহরণ। এখানে জমি জনগণ দিচ্ছে, ভবন নির্মাণ করে দিচ্ছে সরকার, সেবাদানে স্বাস্থ্যসেবা কর্মী সেটি সরকার দিচ্ছে। ওষুধ, যন্ত্রপাতিসহ সব উপকরণ সরকার দিচ্ছে।
জাতিসংঘের প্রস্তাবে অন্য দেশগুলোকে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ জাতিসংঘ স্বাস্থ্যসেবা ও পরিচর্যা প্রদানের ক্ষেত্রে অংশীদারত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলছে। বলা হয়েছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যেন বাংলাদেশের এ কমিউনিটি ক্লিনিক ধারণাকে গ্রহণ এবং বাস্তবায়ন করে।
বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নতির পেছনে কমিউনিটি ক্লিনিকের অবদানের কথা উল্লেখ করে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, স্বাস্থ্যসেবার উন্নতি, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টিশীলতার তৈরি হয়েছে সেগুলো সবই কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই শুরু।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্যসেবা এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী এবং প্রসূতির স্বাস্থ্য, নবজাতক এবং শিশুদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, পুষ্টিসেবা, ইপিআই কার্যক্রম পরিচালনা, সংক্রামক-অসংক্রামক যাবতীয় রোগের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক একটা অসাধারণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্য সচিব বলেন, বাংলাদেশে আমরা যে বলি ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, সে ক্ষেত্রে এ কমিউনিটি ক্লিনিক বড় মাইলফলক।
