চট্টগ্রামে তথ্যমন্ত্রী

বিএনপি দলটাই তো বসে গেছে

আপডেট : ২০ মে ২০২৩, ০২:০৬ এএম

বিএনপির আন্দোলন কর্মসূচিকে বসে যাওয়া পুরনো গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি দলটাই তো বসে গেছে। তাই জং না ধরার জন্য গাড়ি যেমন মাঝেমধ্যে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলন কর্মসূচিও সেরকম। এ ছাড়া অন্য কিছু নয়।’ গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তথ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমার মনে হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেবসহ বিএনপির নেতারা বিশ্বময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্ব নেতৃবৃন্দের বা বিশ্ব অঙ্গনের যে আস্থা সেটি বুঝতে তারা ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করেছেন। তিনি অত্যন্ত সফল একটা সফর করে এসেছেন। যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক নিজেরাই প্রস্তাব করেছে ২.২৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে সহায়তা করার। জাপান ৩০ বিলিয়ন ইয়েন আমাদের সাহায্য করবে বিভিন্ন প্রকল্পে।’

তিনি আরও বলেন, ‘আজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয়, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন। যুক্তরাজ্যে ইউকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, আপনি আমাদের আইডল, আমার মেয়েদেরও আইডল। যাদের বুদ্ধি, চোখ-কান, শ্রবণ ও দৃষ্টিশক্তির সঙ্গে বোধশক্তি আছে, তারা এগুলো বুঝতে পারে। এখন বিএনপি নেতারা কেন দৃষ্টিহীন এবং শ্রবণশক্তিহীন তার সঙ্গে বোধশক্তিহীনও হয়ে গেল সেটি আমার বোধগম্য নয়।’

এর আগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘পাঠদান আর সার্টিফিকেট প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় নয়। একজন শিক্ষার্থী বিশ্বাঙ্গনে যাতে নিজেকে টিকিয়ে রাখতে পারে, বিশ্বাঙ্গনে বিশ্বময় সে যাতে দাপিয়ে বেড়াতে পারে, বিশ্বাঙ্গনে সে যাতে তার যোগ্যতাকে তুলে ধরতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় একটি শিক্ষানিকেতন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেখাতে হবে কীভাবে জীবন গড়তে হবে, কীভাবে জীবনযুদ্ধে জয়ী হতে হবে, কীভাবে জীবনসংগ্রাম চালিয়ে যেতে হবে। কীভাবে উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বহুমাত্রিক মেধার বিকাশ ঘটাতে হবে, তাহলেই সেটি বিশ্ববিদ্যালয়। না হয় সেটির নাম বিশ্ববিদ্যালয় হওয়া শ্রেয় নয়। আমি জানি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে সেটি করা হয়। সেটিকে যদি আরও বিস্তৃত করা হয়, তাহলে এ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তাদের সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।’

তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বড় কিংবা ছোট নয়, সেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় কি না, সেটিই হচ্ছে মুখ্য বিষয়। আজকে জীবন সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গেছে। জীবন শুধু নিজের জন্য নয়, জীবন দেশ, সমাজ, ও পরিবারের জন্য। স্বপ্ন শুধু নিজের জন্য দেখা নয়, সমাজ ও দেশের জন্যও স্বপ্ন দেখতে হয়। একজন ব্যক্তি তখন সত্যিকার অর্থে ভালো মানুষ হয় যখন তিনি মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধের সমন্বয় ঘটাতে পারে তার চরিত্রের মধ্যে। তাহলেই তিনি সত্যিকার অর্থে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দাঁড়ায়।’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত