আইপিএলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সুবাদে আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের।
অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার ডেভিড ওয়ার্নারদের ৭৭ রানে হারায় চেন্নাই। ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান করতে পারে দিল্লি ক্যাপিটালস।
এ দিনের জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ হলো চেন্নাইয়ের। আপাতত টেবিলের দুইয়ে তারা। তবে শেষপর্যন্ত দুইয়ে থাকবে কিনা তা বোঝা যাবে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে দিনের অন্য ম্যাচের পর।
লখনৌ যদি জিতে তবে তাদেরও পয়েন্ট হবে ১৭। সে ক্ষেত্রে রান রেটে টেবিল পজিশন বিচার করা হবে চেন্নাই ও লখনৌয়ের।
এবার প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে গুজরাট টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ হাতে থাকতে দলটির শীর্ষ স্থান নিশ্চিত।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে রানের পাহাড় গড়ে চেন্নাই। উদ্বোধনী জুটিতে দুজন ১৪১ রান যোগ করেন। কনওয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন ৫২ বলে। তার ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩ ছক্কা। গায়কোয়াড় ৫০ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৭৯ রান করেন। এ ছাড়া শিভাম দুবে ৯ বলে ২২ ও বরীন্দ্র জাদেজা ৭ বলে অপরাজিত ২০ রান করেন। সুবাদে ৩ উইকেটে ২২৩ রানের পুঁজি গড়ে চেন্নাই।
জবাব দিতে নেমে ভেডিড ওয়ার্নার ৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন ৭ চার ও ৫ ছাক্কায়। কিন্তু অন্যরা ছিলেন ব্যর্থ। তাই তো বড় লক্ষ্য তার তাড়া করা হয়নি দলটির। ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আসর শেষ করল দিল্লি।
দারুণ ব্যাটিংয়ের সঙ্গে দুটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রুতুরাজ।
