দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিভিন্ন আর্থিক সেবা পেতে কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার করছে। গত মার্চে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৩৩ হাজার ৫৫৭ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ৪ হাজার ১৭২ কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ ছিল ২৩ হাজার ১৪০ কোটি টাকা। আর ২০২১ সালের মার্চে লেনদেন হয়েছিল ১০ হাজার ৩৭১ কোটি টাকা। দুই বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে তিন গুণেরও বেশি।
ইন্টারনেট ব্যাংকিং সাধারণত অনলাইন ব্যাংকিং নামে অধিক পরিচিত। এর মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন ও বিল পেমেন্টসহ নানা ধরনের পরিষেবা সহজেই পান। স্ট্যান্ডার্ড চার্টার্ড দুই দশক আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং চালু করে। তখন থেকেই দ্রুত গতিতে এটি দেশব্যাপী বহুল প্রচলিত হতে শুরু করে।
এদিকে করোনার সময়ে অনলাইন ব্যাংকিংয়ের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছিল। কারণ, এর মাধ্যমে বাইরে যাওয়ার ঝুঁকি এড়িয়ে গ্রাহকরা ঘরে বসে সহজেই কাজ সারতে পারেন। তারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই আর্থিক লেনদেন করতে আগ্রহী হওয়ায় চলতি বছরের মার্চ শেষে গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১০ হাজার ৪২৩। ২০২২ সালে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিল ৪৮ লাখ ২৬ হাজার ৫৫১।
