স্পেনে কি থাকছেন ভিনি, নাকি যাচ্ছেন অন্য কোথাও

আপডেট : ২২ মে ২০২৩, ১২:৪৮ পিএম

প্রতিনিয়ত প্রতিপক্ষের মাঠে বর্ণবাদের শিকার হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাতে করে তার ভালোবাসার দেশ স্পেন নিজের কাছেই অপ্রিয় হয়ে উঠছে। তিক্ততা চরম আকার ধারণ করেছে। যা মাঠে তার প্রতিবাদের ধরণ দেখলেই বোঝা যায়।

ফলে প্রশ্ন ওঠা স্বভাবিক আগামী মৌসুমে তাকে স্পেনে দেখা যাবে তো? নাকি অন্য কোনো দেশে পাড়ি জমাবেন ভিনি? তার প্রতিনিধিরা কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইএসপিএনকে এক সূত্র জানিয়েছে, এখনই রিয়াল ছাড়ার ইচ্ছা নেই ভিনিসিয়ুসের। তবে তিনি তার ধৈর্যসীমার শেষ প্রান্তে আছেন।

ভিনিসিয়ুসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া নিয়ে কোচ আনচেলত্তিও ম্যাচ শেষে কথা বলেছেন। তার মতে, লা লিগায় সমস্যা আছে, ‘ফুটবল নিয়ে কিছু বলতে চাই না। যা বলব, সব আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে। এই মুহূর্তে এটা ম্যাচ হারের চেয়েও গুরুত্বপূর্ণ। এই লিগে খারাপ কিছু ঘটছে।’

ভিনিসিয়ুস খেলা চালিয়ে যেতে না চাইলেও আনচেলত্তিই তাকে বুঝিয়ে মাঠে রেখেছেন, ‘সে আর মাঠে নামতে চায়নি। আমি বলেছি, খেলা বন্ধ করা ঠিক হবে না। এখানে তুমি দায়ী কিংবা অপরাধী নও, তুমি ভুক্তভোগী। এটা শোনার পর সে মাঠে ফিরেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত