জার্মান প্রতিবেদনে রুশ নিরাপত্তা

আপডেট : ২৩ মে ২০২৩, ১০:৪৫ পিএম

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ প্রতিরক্ষা সক্ষমতা, অস্ত্রের জোগান ফুরিয়ে আসা এবং খোদ রুশ নাগরিকরাই নাকি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সরিয়ে দিতে চায় এমন পশ্চিমা প্রচারণা চলছে। কিন্তু পশ্চিমা জোটের অন্যতম শীর্ষ শরিক জার্মানির গোয়েন্দা প্রধান এসব প্রচারণার সত্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করালেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা ও ক্ষমতায় টিকে থাকতে আদতে কোনো হুমকি নেই। এছাড়া যুদ্ধ চালিয়ে যেতে রসদেরও অভাব নেই।  

গত সোমবার জার্মান ইন্টেলিজেন্স এজেন্সির (বিএনডি) প্রধান ব্রুনো কাল জানান, রাশিয়ার অভ্যন্তরে চলমান বিভিন্ন দ্বন্দ্ব দেশটির বর্তমান প্রেসিডেন্ট পুতিনের জন্য কার্যকর কোনো হুমকি নয়। এছাড়া রাশিয়ার কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অস্ত্র-গোলাবারুদ এবং সেনা রয়েছে। বিএনডি প্রধানের এ বক্তব্য তুলে ধরে গতকাল মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার জার্মানির ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসির (বিএকেএস) এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ব্রুনো কাল রাশিয়া ও পুতিনের সুরক্ষার দিকগুলো তুলে ধরেন। জার্মানির গোয়েন্দাপ্রধান জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শাসনব্যবস্থা দুর্বল হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। কাল বলেন, ‘পুতিনের ব্যবস্থায় কোনো ফাটল নেই।’

তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করায় পুতিনের বিরুদ্ধে জনসাধারণের সমালোচনা রয়েছে ঠিকই তবে তা রুশ সমাজের নিয়মিত বিষয়। তা কোনোভাবেই পুতিন শাসনের জন্য হুমকি নয়। রাশিয়ার নতুন সৈন্য নিয়োগ দেওয়ার বিষয়টির দিকে ইঙ্গিত করে ব্রুনো কাল বলেন, ‘রাশিয়া এখনো একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং রাশিয়ার পর্যাপ্ত সরঞ্জাম ও গোলাবারুদ-অস্ত্র রয়েছে।’ তবে কালের মতে, রাশিয়ার সেনাবাহিনীর কর্মদক্ষতাসহ বিভিন্ন দুর্বলতা রয়েছে। এ সময় সতর্ক করে তিনি  জানান, পশ্চিমা মিত্ররা যদি ইউক্রেনকে পর্যাপ্ত সহায়তা না দেয় তবে পুতিনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।  

 জার্মান গোয়েন্দাপ্রধান আরও জানান, তার সংস্থা পুতিনের ইউক্রেন হামলার নির্দেশ দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগে থেকেই বিষয়টি জানত। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ১৪ দিন আগে থেকেই আমরা জানতে পেরেছিলাম যে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত