কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় জয়ন্তকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।
উপজেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এর আগে গত রবিবার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে দুই কিশোরকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেছেন উল্লেখ করে সোমবার বিকেলে ভুক্তভোগীর অভিভাবকরা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাট থেকে জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ।
