জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুঁরি’ পদকপ্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আমির হামজা বক্তব্য দেন।
এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তির দূত মনোনীত করে ‘জুলিও কুঁরি’ পদক দেওয়া হয়।
এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, কাশিয়ানী টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
