ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি শুরু

আপডেট : ২৪ মে ২০২৩, ১১:১৬ এএম

এইচপি দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকে। জুলাইয়ের আগ পর্যন্ত কয়েক ধাপে এই ক্যাম্প চলবে ২৬ ক্রিকেটার নিয়ে। ক্যাম্প শেষে জুলাইতে এখান থেকেই নির্ধারিত দল যাবে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে।

এই ক্যাম্প দিয়েই এইচপি দলের জন্য নুতন কোচ ৫২ বছর বয়সী ডেভিড হেম্প কাজ শুরু করবেন। টুর্নামেন্টের সূচি এখনও ঘোষিত হয়নি। তবে বাংলাদেশ ‘বি’ গ্রুপে আফগানিস্তান ‘এ’ ওমান ও আরব আমিরাতকে পেয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে থাকছে নেপাল। দুই গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনাল খেলবে।

মূলত যুব বিশ্বকাপ জয়ী সিংহভাগ ক্রিকেটারদের নিয়েই করা হয়েছে এইচপি দলটি। এ ছাড়া গত যুব বিশ্বকাপ খেলা ভালো পারফরমাররা আছেন এই দলে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করা কয়েকজনও সুযোগ পেয়েছেন।

শুরুতে ২৪ থেকে ৩১ মে ক্যাম্পটি হবে মিরপুরে। এখানে শুধু ফিটনেস নিয়েই কাজ করবেন এইচপির ক্রিকেটাররা। এরপর ১ থেকে ৮ জুন রাজশাহী এবং ৯ থেকে ২৬ জুন বগুড়ায় হবে স্কিল ক্যাম্প।

মিরপুর বাদে ভিন্ন কন্ডিশনে ক্যাম্প করাকে গুরুত্ব দিতেই আলাদা রাখা হয়েছে ভেন্যু।

এইচপি দলের নতুন কোচ হ্যাম্প বারমুডা জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ২৪টি আন্তর্জাতিক ম্যাচ বাদে তার ক্যারিয়ারের সিংহ ভাগ সময় কেটেছে ইংলিশ কাউন্টিতে গ্লামরগান ও ওয়ারউইকশায়ারে খেলে। সেখানে ২৭১ প্রথম শ্রেণির ম্যাচে ১৫ হাজার ৫২০ রান ও ৩০৯ লিস্ট ‘এ’ ম্যাচে ৬ হাজার ৮৪৪ রান আছে তার।

বাংলাদেশ এইচপি দলের সঙ্গে দুই বছরের চুক্তি করার আগে ২০২০ থেকে দুই বছর তিনি পাকিস্তান নারী জাতীয় দলের কোচ ছিলেন। এ ছাড়া ক্রিকেটারদের পারফরম্যান্স উন্নতি ও ম্যাচের বিভিন্ন সময়ে মানসিকতা ঠিক রাখতে এইচপির জন্য ডেভিড স্কট নামে একজন মনোবিদও নিয়োগ দিয়েছে বিসিবি। এই ক্যাম্পে ডেভিড হেম্পের সঙ্গে সহকারী বোলিং কোচ হিসেবে আছেন ডলার মাহমুদ।

এইচপি দল:

ব্যাটার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামিম হোসেন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আবদুল্লাহ আল মামুন।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাঈম হোসেন সাকিব।

পেসার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ গালিব।

উইকেটরক্ষক: আকবর আলি, প্রিতম কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত