ভিনির সমর্থনে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৬:২৫ পিএম

শুরুটা হয়েছিল মায়ার্কোর মাঠে। প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। তারপর একে একে মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদে একই পরিস্থিতি! এমনকি বার্সেলোনার মাঠেও এই আক্রমণের শিকার হন ভিনি। যার সবশেষটি ভ্যালেন্সিয়ার মাঠে। লা লিগার চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে পাঁচবার বর্ণবাদী আক্রমনের শিকার হলেন তিনি। যে ঘটনার জেরে ফুঁসছে পুরো বিশ্ব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এ ঘটনার প্রতিবাদ করছেন। সতীর্থ ফুটবলাররা ভিনির পাশে দাঁড়িয়েছেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা। পাশে পেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। এছাড়া ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভাও সংহতি জানিয়েছেন।

বাদ যাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কেবরেরা। তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটা স্পেন কেন পৃথিবীর কোথাও হওয়া উচিত নয়। স্পেনে ফুটবল খুবই জনপ্রিয়। সেখানে রিয়াল মাদ্রিদের এই ফুটবলারের এই শিকারটা বিচ্ছিন্ন ঘটনা, এটা পুরো স্পেনের চিত্র নয়। স্প্যানিশরা ক্রীড়াপ্রেমী জাতি।’

স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেও দাঁড়িয়েছেন ভিনির পাশে। তবে এটাকে তিনি ফুটবলের সমস্যা হিসেবে দেখছেন না। তিনি বর্ণবাদ সমস্যাকে তরুণদের মনোজাগতিক কিংবা তাদের পর্যাপ্ত নৈতিকতা শিক্ষার অভাব হিসেবেই দেখেন। স্পেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ব্যাপারটাকে একটু গভীরে গিয়ে দেখতে চাই। আমরা এখানে ১৯, ২০, ২৩ বছর বয়সী তরুণদের আচরণ নিয়ে বলছি। তারা তরুণ, তারা ঠিক বুঝতে পারছেন না, তারা কী করছেন। আমি আমার অবস্থান থেকে সরছি না। আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, সেটি যেকোনো বিষয়ে, যেকোনো পরিস্থিতিতে। আমাদের কোনো ভুল করা যাবে না। ভিনিসিয়ুসের ঘটনাটা ফুটবলের সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা। এই জায়গায় আমাদের পদক্ষেপ নিতে হবে।’

এদিকে ভিনির পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। গণমাধ্যম মার্কাকে তিনি বলেছেন, ‘আমি সবাইকে বলতে চাই, রিয়াল মাদ্রিদ নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আর কোনো বর্ণবাদী আচরণ সহ্য করবে না। লা লিগার রেফারিং নীতিমালায় বদল আনতে হবে যেন বর্ণবাদের শিকার হওয়া কারও ঘাড়ে দোষ চাপানো না হয়। যেটি এখন হচ্ছে। যে সমাজে আমরা বাস করি, সেখানে বর্ণবাদ থাকতে পারে না। আমাদের কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন কিছু বারবার হতে পারে না। খেলাধুলা হচ্ছে মূল্যবোধ অনুশীলনের জায়গা।’

এদিকে ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ ও বার্সেলোনা স্ট্রাইকার রাফিনহা বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার লা লিগায় মুখোমুখি হয়েছিল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটের সময় বদলি করা হয়। বদলি করার সময় জার্সি খুলে ফেলেন রাফিনহা। তার গেঞ্জিতে তখন লেখা ছিল, ‘যত দিন চোখের উজ্জ্বলতার চেয়ে গায়ের রংকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যুদ্ধ চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত