৩৪৫ রানে থামল উইন্ডিজ ‘এ’ দল

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:১১ পিএম

দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে প্রথম ইনিংসে ১০৮ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের ২৩৭ রানের জবাবে ক্যারিবিয়ান দলটির প্রথম ইনিংস থেমেছে ৩৪৫ রানে। বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে আগের দিনের ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এদিন আরও ৭৭ রান যোগ করেছে দলটি।

কেভিন সিনক্লেয়ার ও জশুয়া ডি সিলভা নতুন দিন শুরু করেছিলেন। সিনক্লেয়ার ৩২ রান করে আউট হলেও ডি সিলভা ৪৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব সর্বাধিক ৪ উইকেট নেন।

এর আগে গতকাল ক্যারিবীয়দের পক্ষে কার্ক ম্যাকেঞ্জি সর্বোচ্চ ১২২ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন। আর বাংলাদেশ দুই শ ছাড়ানো পুঁজি গড়েছিল শাহাদাত হোসেন দিপুর দৃঢ়তায়। দিপু সর্বোচ্চ ৭৩ রান করেন। ১২৪ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

দুই দলের প্রথম আনঅফিশিয়াল টেস্ট ড্র হয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আগামী ৩০ মে থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত