নেদারল্যান্ডসে ১৫৭৯ পরিবেশকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২৩, ০৬:১৫ পিএম

নেদারল্যান্ডসে বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন গ্রুপের এক হাজার ৫৭৯ জন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময় পুলিশ জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং যারা স্থান ত্যাগ করেনি তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিক্ষোভকারীদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভাঙচুরের অভিযোগে তাদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে।

এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়।

দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এ নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করল। কিন্তু এবারই এত বেশিসংখ্যক কর্মীকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যান ক্যারেভার্স (৩১) বলেন, জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত