একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’

আপডেট : ২৮ মে ২০২৩, ০৬:২৯ পিএম

বাংলাদেশসহ এক যোগে পাঁচ মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। রবিবার বিকেলে ছবিটির দ্বিতীয় পোস্টার উন্মোচন করে এমন খবর জানায় টিম।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি পরিবেশনা করবে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ঈদে আমেরিকা ও কানাডায় প্রায় শতাধিক সিনেমা হলে নিয়মিত প্রদর্শনীর জন্য ‘অন্তর্জাল’ রিলিজ করবে স্বপ্ন স্কেয়ারক্রো।

‘অন্তর্জাল’ দীপংকর দীপনের তৃতীয় সিনেমা। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এ নির্মাতা বলেন, ইন্টারনেট দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর সিনেমার গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে ‘অন্তর্জাল’। অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই সিনেমাটি ৫ মহাদেশের বাংলা সিনেমাপ্রেমীদের দেখার সুযোগ তৈরি করছি আমরা।

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান।

‘অন্তর্জাল’ এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত