লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোতামারী ইউনিয়নের দইখাওয়া চিঁড়ারমিল এলাকায় আতিয়ার রহমান নামে এক ব্যক্তির রেস্টুরেন্টে নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২০ জন। তাদের মধ্যে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ওই রেস্টুরেন্টে গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন লোকজন খাবার খান। পরে মধ্যরাত থেকে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বমি ও পাতলা পায়খানার সঙ্গে দেখা যায় পেটব্যথা ও জ্বর। অসুস্থদের মধ্যে কেউ কেউ শুক্রবার রাতে, আবার কেউ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এমনকি গতকাল রবিবার দুপুর পর্যন্তও হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি হতে থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জুয়েল রানা বলেন, শুক্রবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে জানতে ওই রেস্টুরেন্টটির মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
