সরকার জ্বালানি তেলে সরাসরি কোনো ভর্তুকি দেয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (৩১ মে) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সংসদকে জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লে দেশেও মূল্য সমন্বয় করে সরকার। তারপরও ২০২১-২২ অর্থবছরে প্রায় দুই হাজার ৭০৫ কোটি টাকা লোকসান দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে এ ক্ষেত্রে সরকার থেকে কোনো ভর্তুকি না নিয়ে আগের মুনাফা থেকে এ লোকসান বহন করছে সংস্থাটি।
তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২-২৩ অর্থ বছরেও বিপিসির লোকসানের আশঙ্কা আছে। এই অর্থবছরেও বিপিসি সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি পায়নি।'
