রাজধানীতে একটি বাসায় তেলাপোকা মারার স্প্রে দেওয়ার পর তার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো শায়েন মোবারত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারত জায়ান (৯)। একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার ভোরে জায়ান এবং পরে রাত ১০টার দিকে জাহিন মারা যায়।
নিহতদের স্বজনরা জানান, গত শুক্রবার একটি ভবনের নতুন ফ্ল্যাটে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। ছয় ঘণ্টা পর বাসায় ঢুকে পুরো বাসা পরিষ্কার করতে বলে যান তারা। কিন্তু প্রতিষ্ঠানটির কর্মীদের নির্দেশনা না মেনে পরিবারটির সদস্যরা ছয় ঘণ্টা পর বাইরে থেকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে জায়ান। এরপর অসুস্থ হয়ে পড়ে জাহিন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ওই দুই শিশুর খালা ডা. রওনক জাহান রোজি অভিযোগ করে বলেন, ‘পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি। তাদের (মারা যাওয়া দুই শিশুর) মা-বাবাও হাসপাতালে ভর্তি রয়েছেন। জায়ানের মৃত্যুর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়েছিল।’
ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দুই শিশুর মৃত্যু হয়েছে বিষক্রিয়াজনিত কারণে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
