মানববন্ধন ভুক্তভোগীদের

কালিয়াকৈরে প্রতারকদের শাস্তি দাবি

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:২১ এএম

প্রতারণার মাধ্যমে কোটিপতি বনে গেছেন একসময়ের কাঁচামরিচ বিক্রেতা। অসৎ উপায়ে অর্জিত টাকায় আলিসান ভবন ও দুটি শোরুমের মালিকও। আর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ক্রেতারা। এই অভিনব প্রতারণার মূলহোতাসহ প্রতারণাকারীদের শাস্তি দাবিতে গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধন ও প্রতারণার শিকার মাহিন্দ্রা ক্রেতা সূত্রে জানা গেছে, প্রতারণার মূলহোতা টাঙ্গাইলের মধুপুরের ইয়ামাহা সেলস সেন্টার ও মেসার্স আরিফ মটরসের স্বত্বাধিকারী আইয়ুব আলী আরিফ। ১২-১৩ বছর আগেও তিনি ফুটপাতে কাঁচামরিচ বিক্রেতা ছিলেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, কিস্তিতে গাড়ি বিক্রির প্রলোভন দেখাতেন তিনি। শর্ত দিতেন গাড়ি কিনলে ব্ল্যাংক চেক দিতে হবে। শুধু ক্রেতারই নয়, জামিনদাতাকেও ব্ল্যাংক চেক দিতে হবে। কিন্তু এদের মধ্যে অনেকের কিস্তি শেষ, আবার অনেকের কিস্তির টাকা ৬০ থেকে ৮০ ভাগ পরিশোধ হলেও ব্ল্যাংক চেক ফেরত দেননি। দ্বিগুণ ও তিন গুণ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি ক্রেতাদের নামেই টাঙ্গাইল আদালতে উল্টো চেক ডিজঅনার মামলা করেন। এভাবে ৭ শতাধিক ভুক্তভোগীর নামে চেক ডিজঅনার মামলা করেছেন আইয়ুব আলী।

অভিযুক্ত ইয়ামাহা সেলস সেন্টার ও মেসার্স আরিফ মটরসের স্বত্বাধিকারী আইয়ুব আলী আরিফ মোবাইল ফোনে স্বীকার করেন, ‘যারা আমার কিস্তি দেয়নি, তাদের নামে আদালতে মামলা দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত