মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের গৃহিণী শারমিন আক্তার। কথায় জড়তা আছে, স্পষ্ট বলতে পারেন না। মায়ের বাড়িতেই সংসার। স্বামী থাকেন ঢাকায়। সপ্তাহান্তে আসেন বাড়িতে। তার আয় কী, কোথায় বাজার করেন, কীভাবে টাকা খরচ করেন, পরিবারের কেউ প্রবাসে আছেন কি না, স্মার্ট ফোন আছে কি না, নিজেদের আলাদা ঘর আছে কি না ইত্যাদি নানান ধরনের ১৯০টিরও বেশি তথ্য দিতে হয়েছে আর্থসামাজিক ও জনমিতিক জরিপের মাঠকর্মীদের। এ তথ্যই দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি নির্ধারণ করবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত জুনে দেশে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি হয়। শুমারির আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, মূল শুমারির পরেই ২০২৩ সালের ২১ থেকে ১৫ জুন দেশের ১২ হাজার ৪০টি নির্বাচিত নমুনা এলাকায় আর্থসামাজিক ও জনমিতিক জরিপ পরিচালনা হচ্ছে। এ জরিপের আওতায় ১২১টি প্রশ্নের মাধ্যমে মোট ১৯৪টি তথ্য জানা হয়।
প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন জানান, এ জরিপের উদ্দেশ্য হলো জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও গবেষণা কাজে বিভিন্ন আর্থসামাজিক ও জনমিতিক সূচকের বিস্তারিত তথ্য-উপাত্ত সরবরাহ করা। প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য-উপাত্ত সরবরাহ করাও এর জরিপের আরেকটি উদ্দেশ্য। এ জরিপের অগ্রগতি ৩০ দশমিক ৭৭ শতাংশ। এবারের এ জরিপটি ডিজিটাল হওয়ায় প্রায় শতভাগ নির্ভুল তথ্য পাওয়ার আশা রয়েছে বলেও জানান তিনি।
জরিপে যা যা জানা যাবে আপনার বসতঘরের সব ধরনের তথ্য যেমন পাকা, নাকি কাঁচা। মেঝে কাঁচা নাকি পাকা নাকি টাইলস করা এ ধরনের ১০টি প্রশ্ন। পরিবারের মানুষ টিউবওয়েলের পানি পান করেন কীভাবে বা বিশুদ্ধ পানির উৎস কী, এ সম্পর্কিত প্রশ্ন আছে জরিপে। প্রবাসী আয় আছে কি না বা পরিবারের কোনো সদস্য কোনোকালে প্রবাসী আয়ে সম্পৃক্ত ছিলেন কি না, এমন ধরনের তথ্যও নেওয়া হচ্ছে জরিপে। গত সাত দিনে কোনো উপার্জন হয়েছে কি না বা উপার্জন হলেও তা খরচ হয়েছে কীভাবে। কোন বাজারে বাজার করেন। পরিবারটি কি পুরুষপ্রধান, নাকি নারীপ্রধান পরিবার এসব তথ্যও উঠে আসবে। তাছাড়া ব্যাংক লেনদেন সম্পর্কিত বিভিন্ন তথ্য নেওয়া হবে তথ্য প্রদানকারীর কাছ থেকে।
মুন্সীগঞ্জের স্থানীয় কর্মকর্তা অনামিকা জানান, জরিপের তথ্য সংগ্রহ করতে খুব বেশি বেগ পেতে হয় না। তবে দুয়েক স্থানে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় তারা জরিপের কাজ করছেন।
