যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আকরামুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের সাহারুল ইসলামের ছেলে।

আজ রবিবার পুলিশ অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও এলাকার আইজুল ও কবির এবং বোচাগঞ্জ উপজেলার জনি ও আরিফকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ মে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌর শহরের জহুরা অটো রাইস মিলের পাশে শামীম ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে আসামিরা আকরামুলকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তাকে সেখান থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে পীরগঞ্জে যায় আসামিরা।

ওইদিন রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ পৌর শহরের জরিফা মঞ্জিলের ভেতরে নিয়ে গিয়ে আবারও দ্বিতীয় দফায় মারপিট করা হয় তাকে। এক পর্যায়ে আকরামুল জ্ঞান হারিয়ে ফেললে পৌর শহরের প্রিয়াংকা রেস্টুরেন্টের পাশের সিএনজি অফিসের সামনে তাকে ফেলে রেখে আকরামুলের পরিবারের লোকজনকে খবর দেয় দুষ্কৃতকারীরা।

খবর পেয়ে আকরামুলের বাবা স্থানীয় দুই ছাত্রলীগ নেতার সহযোগীতায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসাপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১০ জুন বোচাগঞ্জ থানায় পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত