কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে পিকআপভ্যান আরোহী ৩ কিশোর ও চালকের। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। গতকাল রবিবার বিকেলে উপজেলার জোরকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) খেলা দেখতে যাচ্ছিল তারা।
এ ছাড়া বিভিন্ন স্থানে আরও ৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নছিমন-থ্রি-হুইলারের (পাগলু) ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার রক্তিপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবরে:
কুমিল্লায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪ : গতকাল বিকেলে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) খেলার আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে পিকআপযোগে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল খেলোয়াড়সহ এলাকার লোকজন। তবে তারা উল্টো পথে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি খাদে পড়ে যায়।
এ সময় পিকআপভ্যানে থাকা চারজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সদর দক্ষিণ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলো পূর্ব জোরকানন ইউপির লালবাগ গ্রামের শাহ আলমের ছেলে সাকিব (১৪), একই গ্রামের ভুতা মিয়ার ছেলে ফয়সাল (১৫), মোহন মিয়ার ছেলে শাহিন আলম (১৬) ও আলী আহমেদের ছেলে পিকআপচালক মোর্শেদ (৩৪)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বালিয়াডাঙ্গীতে তিন যানের সংঘর্ষে নিহত ৩ : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়াপুকুরে তিন যানের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান।
নিহতরা হলেন আলিম উদ্দীন (৬৫), আবুল হোসেন (৬৭) ও মোস্তাফিজুর রহমান (৪৫)। তাদের বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার চন্দনহাট মালিবিস্ত এবং বালিয়াডাঙ্গী থানার গোয়ালকারী গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সোবহান জানান, রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি থ্রিহুইলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা অতিক্রম করে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়াপুকুরে পৌঁছালে পাশের রাস্তা থেকে মূল সড়কে এসে এক মোটরসাইকেল আরোহী থ্রিহুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীগামী গরুবাহী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে থ্রিহুইলার ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলিম উদ্দীন নিহত হন এবং অহত হন তিনজন।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের সময় আবুল হোসেন নিহত হন। পরে বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান নিহত হন।
কালিয়াকৈরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২ : কালিয়াকৈরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং আহত হয়েছেন চারজন। গতকাল ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেড়াতলী এলাকার সজীব আহমেদ (২৮)। পার্শ্ববর্তী বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকার শাহীন আলম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর এলাকায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ ঘটে। সজীব ও শাহীন দুজনই দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তারা গতকাল ভোরে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে কালিয়াকৈর থানায় যাচ্ছিলেন। তারা উপজেলার ফুলবাড়িয়া বাজার থেকে একটি অটোরিকশায় ওঠেন। এ সময় কালিয়াকৈর যাওয়ার জন্য তাদের সঙ্গে শিশুসহ তিনজন ওঠেন। যাওয়ার পথে ভোর সোয়া ৬টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব ও শাহীন নিহত হন। এ সময় দুজন এনজিওকর্মী, এক শিশু ও সিএনজিচালক আহত হন।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত : মানিকগঞ্জের সিংগাইরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর পাওয়ার প্ল্যান্টের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত কালাম ম-ল রংপুর জেলার মিঠাপুকুর থানার বজরত গ্রামের মোসলেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় স্থানীয় জামাল উদ্দিন সরকারের ভুট্টাখেত পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন ওই বৃদ্ধ। একপর্যায়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
মধুপুরে অটোভ্যানচালক নিহত : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক আব্দুস সোবাহান (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও দুজন আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুস সোবাহান মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকার মৃত কানছের শেখের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের বিপ্লব (২২) ও ঘাটাইল উপজেলার আঞ্জুম (২০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
