এনজিওর আড়ালে জাল কাগজপত্র তৈরি করে আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গত সোমবার চাঁদপুরে অভিযান চালিয়ে রিয়াজ মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই ঘটনায় ওই চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের কথা বলে জাতিসংঘ সদর দপ্তরের ভুয়া তথ্যযুক্ত ইমেইল পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের আবেদন করা হচ্ছে। মার্কিন দূতাবাস প্রতিনিধির এমন অভিযোগে ডিএমপির গুলশান থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করি আমরা।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ মাহমুদ আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য। রিয়াজসহ এ চক্রের অন্য সদস্যরা এনজিওর আড়ালে টাকার বিনিময়ে মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকা, ফ্রান্সসহ উন্নত দেশগুলোতে মানব পাচার করছে। তারা এনজিওর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে কনফারেন্সে যোগদানের জন্য জাতিসংঘের সদর দপ্তরে ইমেইল প্রেরণ করত। পরে ভিসা পাওয়ার জন্য ঢাকায় আমেরিকান দূতাবাসে হাজির হয়ে জাল কাগজপত্র দাখিল করত। গ্রেপ্তারদের এ ধরনের প্রতারণায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। এ চক্রের কারণে যেসব ব্যক্তি প্রকৃত কারণে মার্কিন ভিসার জন্য আবেদন করেন, তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি জানান, গ্রেপ্তার রিয়াজকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
