যাবজ্জীবনে দণ্ডিত আসামি গ্রেপ্তার ১৬ বছর পর

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:২৫ এএম

১৬ বছর পালিয়ে থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. রুবেল মুন্সী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব-৩-এর একটি দল। একইদিন ভাটারা থানা এলাকা থেকে মানব পাচার মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২-এর একটি দল।

র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, রুবেলের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালের মে মাসে রুবেলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।

এদিকে ভাটারা এলাকা থেকে মানব পাচারকারী চক্রের হোতা শফিকুল ইসলাম ওরফে গুরুকে গ্রেপ্তার করা হয়। চারটি মানব পাচার মামলায় আট বছর ধরে পলাতক ছিল সে। সোমবার রাতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল। বাবার নাম জয়েন উদ্দিন হোসেন। র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, অল্প খরচে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার ফাঁদে ফেলে তরুণদের সর্বস্ব লুটে নিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত