বরিশাল নগরের একটি মসজিদের দোতলা থেকে ফুটফুটে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরিচয়বিহীন ওই শিশুটিকে বুধবার (১৪ জুন) দুপুরে নিজেদের হেফাজতে নিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন জানান, সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। পরে তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কারও সাক্ষাৎ পাননি।
তিনি জানান, পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান এবং পুলিশকে অবগত করেন। এর পরে শিশুটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মসজিদের খতিব মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের পরপরই আমি পুলিশকে অবগত করে বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুর যেহেতু কোনো স্বজন নেই তাই আমি দত্তক নিতে চাই।
তবে শিশুটিকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই নিশাত।
ওসি আনোয়ার হোসেন জানান, যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে দত্তক নিতে চান, তাহলে নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।
