মসজিদে হারামের নতুন এক্সটেনশনের সঙ্গে লাগানো দেয়ালঘেরা মাকবারা শিবাইকা বা শিবাইকা কবরস্থান। অন্ধকার যুগে এ কবরস্থানে কন্যাসন্তানদের জীবিত কবর দেওয়া হতো। জায়গাটি ইতিহাসের বর্বরতম নৃশংসতার সাক্ষ্য বহন করে আসছে। মক্কার মসজিদে হারামের পশ্চিম-উত্তর কোণের দিকটার নাম ‘জাবালে ওমর।’ সেখানে ‘সেপকো’ নামে একটি বাসস্ট্যান্ড রয়েছে। বেশ কটি রাস্তা এসে মিলেছে সেখানে। মসজিদে হারামে আসা-যাওয়ারও অন্যতম পথ এটা। রাস্তার দক্ষিণে বিশাল বিশাল হোটেল নির্মাণ করা হচ্ছে।
এসব হোটেলের সামনের ফ্লাইওভার এবং মসজিদে হারামের সীমানার মাঝামাঝিতে একটি খালি জায়গা। মসজিদে হারামের সম্প্রসারণের কারণে হারাম এলাকা লাগোয়া এমন খালি জায়গা আর দেখা যায় না। কিন্তু এ জায়গাটি খালি। মূল্য বিচারে জায়গাটি খালি থাকার কথা না। তার পরও খালি। এই খালি জায়গাটিতে অন্ধকার যুগে আরবের লোকরা তাদের কন্যাসন্তানদের জীবন্ত কবর দিত। জায়গাটিতে কোনো স্মৃতিচিহ্ন নেই, কোনো ফলক নেই। শুধু জায়গাটি ঘিরে রাখা আছে। যারা ইতিহাস জানেন, তারা জায়গাটি দেখে আসেন।
