মাদারীপুরের শিবচরে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিএসটিআইয়ের অনুমোদিত কিছু পণ্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস, তেঁতুলের চাটনিসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো কারখানাটিতে।
গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা পুলিশের একটি দল উপজেলার বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজালপণ্য জব্দ এবং সাদ্দাম মাতুব্বর নামের এক ব্যক্তিকে আটক করে।
আটক সাদ্দাম কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দল বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালায়। এ সময় অনুমোদনহীন ২২৪ কার্টন খাবার স্যালাইন, তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরি করা ৮ ড্রাম মটরভাজা, পণ্যের মোড়ক এবং স্যালাইন তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। ভেজাল এসব খাদ্যপণ্য রাতের আঁধারে মোড়কজাত করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করা হতো।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আবদুর রশিদ বলেন, ‘গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দামকে আটক করা হয়েছে।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে স্থানীয়ভাবে বাজারজাত করা হতো। বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।’
