জমি লিখে না দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বাবা-মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে। আহত বাবা আবু বক্কার সিদ্দিক মোল্যা (৬৫) ও মা কহিনুর বেগম (৪৮) কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল সোমবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে কাশিয়ানী থানায় অভিযোগ করেছেন আবু বক্কার সিদ্দিক মোল্যা।
আবু বক্কার সিদ্দিক মোল্যা বলেন, আমার বড় ছেলে খালেদ মোল্যা আমাকে কোনো ভরণ-পোষণ দেয় না। আমার জায়গা-জমি তাকে লিখে দেওয়ার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। অকথ্য ভাষায় গালাগাল করে। বাড়িঘর ও ঘরের মালামাল ভাঙচুর করে। গতকাল সকালে ঢাকা থেকে এসে আমাদের বেধড়ক মারধর করেছে। এ সময় ঠেকাতে গিয়ে আমার মেয়ে ও মেঝো পুত্রবধূও আহত হয়েছে। পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানতে চাইলে মারধরের অভিযোগ অস্বীকার করে খালেদ হোসেন বলেন, ‘আমাকে আমার বাবা তিন বছর আগে ত্যাজ্যপুত্র করে দিয়েছে। আমি ছয়টি দলিলমূলে জমি কিনেছি। আমার দলিল আটকে রেখেছে আমার বাবা। আমাকে আমার দলিলের সম্পত্তিতে যেতে দিচ্ছে না।’
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, বাবা-মাকে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
