হজ পালনে সপরিবারে সৌদি গেলেন রাষ্ট্রপতি

আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:২৬ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য গতকাল শুক্রবার বিকেলে ১০ দিনের সফরে সৌদি আরবের (কেএসএ) জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৬টায় (সৌদি আরব সময়) জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে।

জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে মো. সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।

সেখান থেকে ভিভিআইপি প্রতিনিধিদলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। এখান থেকে রাষ্ট্রপতি ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

রাষ্ট্রপতি বিমানে হজ কাফেলার হজযাত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের খোঁজখবর নেন।

এর আগে রাষ্ট্রপ্রধান দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল অভ্যন্তরীণ বিমানবন্দর (হিসা) থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, নৌবাহিনীপ্রধান, বিমানবাহিনীপ্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সেনাপ্রধানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে বিদায় জানান।

বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত