মহীনের ঘোড়াগুলি: বাংলা গানের জগতে বিপ্লব ঘটিয়েছিল যে দল

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:২৬ পিএম

কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে গেলেও আজও হারায়নি এতটা জনপ্রিয়তা। গান না হারালেও গানের স্রষ্টাদের অধিকাংশই একে একে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবার চলে গেলেন তাদেরই অন্যতম বাপিদাও। ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন তিনিও। নিভল মহীনের ঘোড়াগুলির বাতি।

বাংলা গানের জগতে বিপ্লব ঘটিয়েছিল একটি দল। আমূল পরিবর্তন এনেছিল। যাদের গান আজও লোকের মুখে মুখে ফেরে, যে প্রজন্ম তাদের পারফরমেন্স কোনওদিন স্টেজে দেখেনি তাদেরও একটা বড় অংশ যাঁদের ভক্ত, সেই দল হল এক এবং একমাত্র ‘মহীনের ঘোড়াগুলি’।

১৯৭৪ সালের প্রান্তিকালে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ব্যান্ডটি গঠিত হয়। প্রাথমিকভাবে দলটিতে সাত জন সদস্য থাকায় তাদের নাম ছিল ‘সপ্তর্ষি’। সাত সদস্যের মধ্যে ছিলেন, গৌতম চট্টোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তাপস দাস, এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়। প্রথম দিকে ব্যান্ডটির নাম ছিল ‘তীরন্দাজ’।

পরে এর নাম হয় ‘গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায়’। এরপর রঞ্জন ঘোষালের প্রস্তাবে ব্যান্ডটির নাম ‘মহীনের ঘোড়াগুলি’ রাখা হয়। এই নাম এসেছে কবি জীবনানন্দ দাশের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘ঘোড়া’ শিরোনামের কবিতার দ্বিতীয় পঙক্তি থেকে। ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডটি সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। ব্যান্ডটি এমন সব গান সৃষ্টি করে গেছে, যেগুলোর কথা-সুরের ওজন কিংবা মাধুর্য আজ অব্দি ছাড়িয়ে যেতে পারেনি পশ্চিমবঙ্গের কোনও ব্যান্ড। কালজয়ী এই ব্যান্ডের বেশিরভাগ গান বাংলাদেশেও জনপ্রিয়।

মহীনের ঘোড়াগুলির অন্যতম মুখ ছিলেন তাপস দাস। গানপ্রেমীদের কাছে তিনি ‘বাপিদা’ নামেই পরিচিত ছিলেন। দুই বাংলায় জনপ্রিয় হওয়া বেশ কিছু গানের কথা লিখেছেন তিনি। গৌতম চট্টোপাধ্যায়ের পাশে থেকে ‘মহীনের ঘোড়াগুলি’ গানের দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাদের ‘পৃথিবী’, ‘টেলিফোন’, ‘তোমায় দিলাম’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক (১৯৭৭), অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি (১৯৭৯); এই তিনটি অ্যালবাম প্রকাশিত হয়। যদিও সে সময়ে তারা প্রায় অপরিচিত ছিল বলা যায়। নব্বইয়ের দশকে তারা দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের মতোন পুনরায় সমালোচনামূলক মূল্যায়ন পেয়েছে।

১৯৯৫ সালে সমসাময়িক বিভিন্ন শিল্পীদের সমন্নয়ে গৌতম চট্টোপাধ্যায় আবার বছর কুড়ি পরে শিরোনামে মহীনের ঘোড়াগুলির একটি কভার সংকলন প্রকাশ করে। জীবনমুখী গান এবং নৈতিক সঙ্গীতদর্শনের কারণে বর্তমানে তাদেরকে বাংলা গানের প্রথিকৃত বিবেচনা করা হয়ে থাকে। গানরচনার শৈলী অনুযায়ী সমালোচনামূলকভাবে বলা যায় তারা জোরালোভাবে বাংলা লোক এবং আমেরিকান শহুরে লোক ধারা কর্তৃক প্রভাবিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত