শ্রীলঙ্কার সঙ্গে স্কটল্যান্ডও সুপার সিক্সে

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:২৮ পিএম

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়েতে গিয়ে যেন জিততেই ভুলে গেল আইরিশরা; স্কটল্যান্ড এবং ওমানের কাছে হারের পর শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে অ্যান্ডি বালবার্নির দল। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৩৩ রানে হেরে শুন্য হাতে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্স নিশ্চিত শ্রীলঙ্কার।

বুলাওয়েতে টস জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠায় আইরিশরা। দিমুথ করুণারত্নের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরানের (১০৩) সঙ্গে সাদিরা সমরবিক্রমার ৮২ রান ও ধনঞ্জয় ডি সিলভার ৪২ রানে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩২৫ রান। ৪ উইকেট মার্ক আদাইরের আর ৩ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি।

৩২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ ওভারে মাত্র ১৯২ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গা পরপর তিন ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিলেন। মাত্র ৩ ম্যাচেই এই আসরে ১৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই লেগস্পিনার, সামনে আছে গ্রুপ পর্বের একটি সহ সুপার সিক্সের ৩টি ম্যাচ। শ্রীলঙ্কা ফাইনালে গেলে বাড়বে আরও একটি ম্যাচ, উইকেট শিকারের সূবর্ণ সুযোগই পেয়ে গেছেন হাসারাঙ্গা।

গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ড ৭৬ রানে হারিয়েছে ওমানকে। আগে ব্যাট করে ব্রেন্ডন ম্যাকমুলেনের ১৩৬ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৩২০ রান তুলে অলআউট হয় স্কটল্যান্ড। জবাবে ক্রিস গিভসের সঙ্গে অন্যদের সম্মিলিত আক্রমণে ওমানকে পর্যুদস্ত করেছে স্কটিশরা। ‘বি’ গ্রুপ থেকে তাই সুপার সিক্সে দ্বিতীয় দিল হিসেবে যাচ্ছে স্কটল্যান্ডই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত