কোরিয়ার যুদ্ধ শুরু হওয়ার ৭৩তম বার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল সব জনসমাবেশ করে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে। পৃথকভাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পারমাণবিক যুদ্ধের’ সতর্কবাণী উচ্চারণ করেছে।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রবিবার রাজধানী জুড়ে অনুষ্ঠিত এসব সমাবেশে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমিক ও শিক্ষার্থী অংশ নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংস’ করার জন্য ‘প্রতিশোধমূলক যুদ্ধের’ প্রত্যয় জানিয়ে স্লোগান দিয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি স্টেডিয়াম ভরা লোকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘যুক্তরাষ্ট্রের পুরো মূল ভূখণ্ড আমাদের গোলার আওতার মধ্যে’ এবং ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী’।
কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার এখন ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার মতো পরম শক্তিশালী অস্ত্র’ আছে আর ‘এই ভূমির প্রতিশোধ গ্রহণকারীরা শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অদম্য ইচ্ছাশক্তিতে জ্বলছে’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একটি প্রতিবেদনে উত্তর কোরিয়া বলেছে, একটি পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্র বেপরোয়া প্রচেষ্টা চালাচ্ছে।
