সুনামগঞ্জের মধ্যনগরে ভাঙা রাস্তার পানি পার হওয়ার সময় নাদিয়া ও নাইম নামে দুই ভাই-বোন স্রোতের টানে ভেসে গেছে। স্থানীয়রা বোনকে জীবিত উদ্ধার করতে পারলেও ভাই এখনও নিখোঁজ রয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু নাইম নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার অতিথপুর গ্রামের রেহান মিয়ার ছেলে।
শিশুটির খালু ময়না মিয়া জানান, ঈদের দিন দুপুরে নাইম ও তার বোন নাদিয়া (১৩) নানা বাড়ি থেকে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে সড়কের ভাঙা অংশের পানিতে পড়ে স্রোতের টানে দুই শিশুই ভেসে যায়।
তিনি বলেন, নাদিয়ার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে পারলেও নাইম নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও আমরা নাইমকে উদ্ধার করতে পারিনি।
