অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:১১ পিএম

চট্টগ্রামের পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের তৈলারদ্বীপ সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকেরা।

মঙ্গলবার দুপুরে তৈলারদ্বীপ সেতুর দক্ষিণে সড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে পিএবি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এতে বিভিন্ন যানবাহনের দেড় শতাধিক চালক ও শ্রমিক অংশ নেন।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ একরামের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ টিপু, আবুল কাশেম, মাঈনুদ্দিন লিপু, পেয়ার মোহাম্মদ, রাশেল হাবিব প্রমুখ।

এই সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল ও স্থানীয় ইউপি সদস্য মো.আইয়ুব আলী।

যানবাহন চালক ও শ্রমিকদের অভিযোগ, সওজ দোহাজারী সড়ক বিভাগ সরকার নির্ধারিত টোল তালিকা দিয়ে সেতু ইজারা প্রদান করেছে কিন্তু ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান জেএ ট্রেডিং সেতুর ওপর দিয়ে পারাপারে প্রতিটি যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করছে। আর অতিরিক্ত টোল দিতে না চাইলে চালকদের প্রতিনিয়ত হয়রানি করছে ইজারাদারের লোকজন। শ্রমিকেরা অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গতকাল সোমবার অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বরাবর লিখিত অভিযোগ করে সংগঠনটি।

তবে ইজারাদার মো.জহির উদ্দিনের প্রতিনিধি আজিজুল হক আজিজ বলেন, টোল তালিকার বাইরে এক টাকাও অতিরিক্ত নেওয়া হচ্ছে না। একটি পক্ষ সেতুর ইজারা না পেয়ে অনর্থক ষড়যন্ত্র করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত