ব্রহ্মপুত্রে গোসলে নেমে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১টার দিকে নগরীর থানা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি ঘাট এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলে নেমে সাইফুল চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকেন । তবে, তার সাথে থাকা বন্ধুরা মনে করেন সাইফুল মজা করছেন। ফলে তারা সাহায্যের জন্য এগিয়ে যান নি। এদিকে, এক পর্যায়ে সাইফুল তলিয়ে গেলে তার সাথে থাকা বন্ধুরা ভয়ে নদ থেকে উঠে স্থানীয়দের ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা ঘন্টাখানেক খোঁজার পর চোরাবালি থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি কেউ থানায় জানায়নি। তবে, বিষয়টি খোঁজ নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত