শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।
গতকাল শুক্রবার মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় শিবচর পৌরসভা হতে শিবচর রেলস্টেশন সড়কে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাদাভাই সেতু উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, ‘শিগগিরই রেল চালু হচ্ছে। শিবচর থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাওয়া-আসা করা যাবে। শিবচর থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এ এলাকার মানুষ।’ মাদারীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা প্রমুখ।
