নারায়ণগঞ্জে সালিশে ছুরিকাঘাতে তরুণ খুন

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার কামাল উদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, অটোরিকশা চুরির ঘটনা নিয়ে রাজিবের সঙ্গে নবীগঞ্জ কদমতলী রূপনগর এলাকার রাতুলের বিরোধ ছিল। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে সালিশ বসে। সালিশের একপর্যায়ে রাতুলসহ কয়েকজন রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত