বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) পরিচালক মো. আলী আকবর ফরাজী নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি আইন বিভাগের পরিচালক মো. আমজাদ হোসেন খানও একই পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৯ জুন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন তারা।
আলী আকবর ফরাজী ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (এফডিআইপিপি) এবং বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আর আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা ও বরিশাল অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষিঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগসহ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
